রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

মির্জাপুরে গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগ; ৪২ লাখ টাকায় কেনা হলো খেলার মাঠের জায়গা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খেলার মাঠ নেই, তাই বলে থেমে থাকেননি তাঁরা। নিজেদের উদ্যোগে গ্রামের ধনী-গরিব সবাই মিলে অর্থ সংগ্রহ করে কিনেছেন খেলার মাঠের জমি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে ৯৮ শতাংশ জমি কিনেছেন। তাঁদের এ উদ্যোগে গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দ ও উৎসবের আমেজ। যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) জমি রেজিস্ট্রি উপলক্ষে সকাল ১১টার দিকে বাদ্যযন্ত্রের তালে ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসে আসেন কামারপাড়া গ্রামের বাসিন্দারা। জমি রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পর জাতীয় পতাকা উড়িয়ে খেলার মাঠের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

গ্রামবাসীরা জানান, গ্রামের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য নিজস্ব কোনো মাঠ ছিল না। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে গ্রামের কয়েকজন উদ্যোগী ব্যক্তি এগিয়ে আসেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে ধনী-গরিব নির্বিশেষে গ্রামের ১৪০ জন বাসিন্দা অর্থ সহায়তা করেন। কেউ ১০, ৫, ২ কিংবা ১ শতাংশ জমির সমপরিমাণ অর্থ দিয়েছেন। আবার কেউ ১০ হাজার, ৫ হাজার, ১ হাজার টাকা থেকে শুরু করে সামর্থ্য অনুযায়ী সর্বনিম্ন ১০০ টাকা দিয়েও এ উদ্যোগের অংশ হয়েছেন।

সবার সম্মিলিত অর্থায়নে গ্রামের দক্ষিণপাড়ার নদীর পাশে লেবুবাগান এলাকায় আব্দুর রাজ্জাকের ৯৮ শতাংশ জমি কেনা হয়েছে। জমির মূল্য ৩৬ লাখ ২৬ হাজার টাকা। রেজিস্ট্রিসহ অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় হচ্ছে প্রায় ৪২ লাখ টাকা।

এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, শিক্ষক নেতা মঞ্জুরুল কাদের মাস্টার, গ্লোবাল ট্যুরিজমের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যবসায়ী মো. আশিকুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, আশা সংস্থার ডেপুটি ডিরেক্টর আসলাম সিকদার, এ কে আজাদ, আসাদুজ্জামান সিকদার, প্রকৌশলী কাওসার আহমেদ, রাসেল মাহমুদ, আকিব আসলাম ও শামীম মিয়াসহ গ্রামের আরও অনেকে।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, গ্রামের হাজী মিনহাজ উদ্দিন ১০ শতাংশ, হাজী দরবেশ আলী ১০ শতাংশ, প্রয়াত চেয়ারম্যান তোতা মিয়ার পরিবার ১০ শতাংশ, আব্দুর রাজ্জাক ৫ শতাংশ, সাইদুল মাস্টার ৪ শতাংশ, রহিম সিকদারের পরিবার ৫ শতাংশ এবং মো. জিন্না তালুকদার ৩ শতাংশ জমির মূল্যের সমপরিমাণ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এ ছাড়া আরও অনেকে ১ থেকে ২ শতাংশ জমির মূল্যসহ নগদ অর্থ দিয়েছেন।

তিনি আরও বলেন, মাঠে যাওয়ার জন্য এখনো কোনো রাস্তা নেই। মাঠের জমি ভরাট ও যাতায়াতের রাস্তা নির্মাণে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

উদ্যোক্তা মঞ্জুরুল কাদের মাস্টার বলেন, “৩৬ লাখ ২৬ হাজার টাকায় ৯৮ শতাংশ জমি কেনা হয়েছে। রেজিস্ট্রি খরচসহ মোট ব্যয় হবে প্রায় ৪২ লাখ টাকা। বাদ্যযন্ত্র বাজিয়ে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে জমি রেজিস্ট্রি করতে পেরে আমরা আনন্দিত। গ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।”

কামারপাড়া গ্রামের বাসিন্দা জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) ও প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, “এ মাঠে খেলাধুলার চর্চা হলে কিশোর-তরুণেরা সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে। তারা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হতে পারবে। আমি ও আমার পরিবার এ মহতী উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত।”

এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, “সরকারি-বেসরকারি কোনো সহায়তা ছাড়াই একটি গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে খেলার মাঠের জন্য জমি কিনেছেন, এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। মাঠটির সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।”

গ্রামবাসীর প্রত্যাশা, দ্রুত মাঠের মাটি ভরাট ও যাতায়াতের রাস্তা নির্মাণ করা হলে সেখানে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি হবে। তাঁদের সম্মিলিত উদ্যোগে কেনা এই জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ক্রীড়াঙ্গনে পরিণত হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com