প্রথম সমাচার ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি এলাকায় অন্তত ৫০ থেকে ৬০ জন অসহায় নারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহ করে সরকারি ভাতা এবং বিভিন্ন অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি স্বামী জীবিত থাকা সত্ত্বেও তথ্য জালিয়াতির মাধ্যমে ভুক্তভোগীদের অনেককে ‘বিধবা’ দেখিয়ে ভাতার কার্ড তৈরি এবং দীর্ঘদিন ধরে সেসব অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গাড়িদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (ইউপি সদস্য) পেয়ারা, কথিত সাংবাদিক নুর আলম এবং নাসরিন আক্তার পুটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
প্রতিকারের দাবিতে আজ রবিবার (২৯ নভেম্বর) ভুক্তভোগী চায়না, সালমা, শাহনারা, শাহারা, ববিতা, মালা খাতুন,কমলা, পপি খাতুনসহ ওই নারীরা উপজেলা প্রশাসন কার্যালয়, উপজেলা সমাজসেবা দপ্তর ও কৃষি অফিসে গিয়ে জড়ো হন এবং ধরনা দেন।
ভুক্তভোগী নারীদের ভাষ্য, গত ২ বছর ধরে সরকারি বিভিন্ন সহায়তা বিশেষ করে ঢেউটিন, সার, বীজ এবং সেলাই মেশিন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্তরা মহিপুর কলোনি এলাকার প্রায় ৫০-৬০ জন নারীর এনআইডির ফটোকপি ও ছবি নেন। পরে ওইসব কাগজপত্র ব্যবহার করে উপজেলার সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে বরাদ্দকৃত ঢেউটিন, কৃষি উপকরণ (সার ও বীজ) এবং সেলাই মেশিন তুলে নিজেরাই আত্মসাৎ করেন। ফ্যামিলী কার্ডের আবেদন করতে গিয়ে তারা জানতে পারে অনেক আগে থেকেই তারা সরকারি সুবিধাভোগী। এছাড়াও অনেকে বলেন গত ২দিন আগে আমাদের উপজেলায় নিয়ে এসে সরা ও বীজ তুলে নিয়েছে। আমাদের দেওয়ার কথা হলেও দেয়নি।
ভুক্তভোগীরা জানান, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে খোঁজ নিতে গিয়ে তাঁরা এই জালিয়াতির বিষয়টি জানতে পারেন। অনেকের স্বামী জীবিত থাকলেও কাগজপত্রে তাঁদের ‘বিধবা’ দেখিয়ে ভাতার কার্ড বানানো হয়েছে এবং সেই ভাতার টাকাও অভিযুক্তরাই দীর্ঘদিন ধরে তুলে নিচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংরক্ষিত নারী ইউপি সদস্য পেয়ারা।
তিনি বলেন, ‘নুর আলম নামের ওই কথিত সাংবাদিক এসব কাজ করেছে। যেহেতু সে আমার পরিচিত, তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামটিও এর সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কথিত সাংবাদিক নুর আলম ও নাসরিন আক্তার পুটির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহি অফিসার সাইদুজ্জামান হিমু বলেন, আমার অফিসে এসেছিল ভুক্তভোগীরা। বিষয়টি খতিয়ে দেখছি।
সূত্র: মূল প্রতিবেদন
