সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Logo
×

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা, জিএম কাদেরের নিন্দা

Icon প্রথম সমাচার ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী হয়ে সাক্ষ্য দেওয়া এই বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পর নির্বিঘ্নে সমাহিত করতে না দেওয়ার ঘটনাকে মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা হিসেবে অভিহিত করেছেন তিনি।

বিবৃতিতে গণমাধ্যমের বরাত দিয়ে জিএম কাদের বলেন, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশ পাহারায় তার দাফন সম্পন্ন হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রথমে খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়ায় পরে তার মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খুঁড়েছেন। এই দৃশ্য শুধু হৃদয়বিদারক নয়, রাষ্ট্র ও সমাজের জন্য অশনিসংকেত।

পিরোজপুরে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কাদের।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে মৃতদেহের অসম্মান ও শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারো নেই। এটা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও পরিপন্থী।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা এবং এ ঘটনায় প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখতে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান জিএম কাদের। পাশাপাশি, মানিক পশারীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com