সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Logo
×

সাভার-আশুলিয়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

Icon প্রথম সমাচার ডেস্ক

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫০ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা রয়েছে।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার (২৫ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত সাভারের কলমা ও উপজেলা মডেল মসজিদ এলাকা এবং আশুলিয়ার কবিরপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযান চালানো হয় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের কলমা এলাকায়। এ সময় নিপা আক্তার ঢুলি (৫০) ও রফিক (৪৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা এবং ইয়াবার মূল্যও ৩০ হাজার টাকা।

একই দিন রাত ৮টা ৫ মিনিটে সাভার উপজেলা মডেল মসজিদ এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম ওরফে জাহাঙ্গীর (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

পরে রাত ১০টা ৪৫ মিনিটে আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন (২২) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছয় হাজার টাকা।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তিনটি অভিযানে মোট এক কেজি গাঁজা ও ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা। গ্রেপ্তার নিপা আক্তার ঢুলির বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com