সোমবার, ২২ জুন ২০২৬
Logo
×

রাবি ছাত্র খু/ন করলো শিক্ষক বাবাকে

প্রথম সমাচার ডেস্ক ২২ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

রাজশাহী নগরীতে পারিবারিক বিরোধের জেরে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, তারই ছেলের হামলায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সোমবার (২২ জুন) সকালে নগরীর মেহেরচণ্ডী এলাকার বেড়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম (৬০) পেশায় একজন শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজাউল করিমের ছেলে রাকিবুল করিম (২৭) ক্ষিপ্ত হয়ে একটি ভারী বস্তু দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় রেজাউল করিম ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর অভিযুক্ত রাকিবুল এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, রাকিবুল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

চন্দ্রিমা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...