পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বললেন, দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিল এবং পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। এখন নতুন করে রোডমার্চ-লংমার্চ করে সমাজে অশান্তি আনা যাবে না।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্ণীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার ক্ষমতায় আসার ছয় মাসে যে উন্নয়নমূলক কাজ করেছে, তা অতীতে হয়নি। এত উন্নয়নের পরও সরকারকে সহযোগিতা না করে রোডমার্চ-লংমার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে।
নেতা-কর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, একটি রাজনৈতিক দল সারা জীবন শুধু মিছিল-সমাবেশ করবে, তা হতে পারে না। দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মীয় কাজও করতে হবে। ধর্মের নামে অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে কাজ করতে হবে। মাদকের বিস্তার রোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মাদক বা সমাজে যেকোনো অপকর্মের মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার শূন্য সহনশীল অবস্থানে রয়েছে। শক্তিশালী ব্যক্তি হলেও অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখার চেষ্টা করার কথাও বলেন তিনি। স্বাভাবিক জীবন ধরে রাখতে রাজনৈতিক যুদ্ধের পাশাপাশি জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এ্যানি।

ওসমান হাদির বিয়ের ৬ বছরপূর্তিতে বোন মাসুমার স্মৃতিচারণ
দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক
এবার পার্বত্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা