প্রথম সমাচার ডেস্ক:
জনগণের হাতে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, এমপি। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারকে অস্থির করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, একটি নির্দিষ্ট জায়গায় বসে বাংলাদেশের এই গণতান্ত্রিক সরকারকে অস্থির করে তোলার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধেই আজকে সমমনা জোটের এই প্রতিবাদ সভা। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, দীর্ঘ ১৬ বছর ধরে আমরা সব মামলা-হামলা, অত্যাচার ও খুন সহ্য করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল ব্যবস্থা কায়েম করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে ‘বাংলাদেশে আসি, আসব, আসার সম্ভাবনা আছে, আমি চলে আসব- এসব মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে কিছু উশৃঙ্খল লোককে লেলিয়ে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে।
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৬ বছর যারা আন্দোলন-সংগ্রাম করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছেন, তাদের আবারও রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। দুয়েকটি পটকা ফুটিয়ে কিংবা দুয়েকটি অদৃশ্য শক্তির ইন্ধনে বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু করলে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ১৬ বছর যেভাবে সংগ্রাম করেছি, প্রয়োজনে আবারও রাস্তায় থাকব এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।
বর্তমান সরকারের কার্যক্রমের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, বহু আলোচিত নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন এবং সরকারের ৯ মাসে পদার্পণ করে দেশকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন এবং কঠোর হস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখার প্রাণপণ চেষ্টা করছেন- তাদের আমরা সাধুবাদ জানাই। আপনারা যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা আপনাদের সাথে আছি এবং থাকব।
বর্তমান সরকার গুণ্ডামি করে বা নির্বাচনের কেন্দ্র দখল করে নির্বাচিত হওয়া সরকার নয় বলে মন্তব্য করেন তিনি।

মুন্সীগঞ্জে ‘বিকাশ বাহিনী’র প্রধান গ্রেপ্তার, উদ্ধার ২ বিদেশি পিস্তল
সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন
রাকসুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আম্মারের অবস্থান