প্রথম সমাচার ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই-আগস্ট সংঘটিত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, পল্টন থানায় ২০২৪ সালে দায়ের করা একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকে সকালে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে ডিবি।
এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসআরবির পক্ষ থেকে সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
উল্লেখ্য, সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এবার ২০২৪ সালের পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, কতটা ভয়ঙ্কর এই বোমা
বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: দুলু
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ