প্রথম সমাচার ডেস্ক:
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগের উদ্দেশ্যে হামলা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন একজোট হয়ে তাদের ধাওয়া করেন। এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে বিক্ষুব্ধ স্থানীয়রা ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় কামালবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাব উদ্দিন বলেন, ঘটনাটি একটি ষড়যন্ত্র হতে পারে। রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার উদ্দেশ্যে নিজেরাই এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে কারা এবং কী উদ্দেশ্যে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এর আগে, একই দিন ভোররাতে দক্ষিণ সুরমা এলাকায় সিলেট-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সময় এম এ মালেক বাড়িতেই ছিলেন। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: মূল প্রতিবেদন
