প্রথম সমাচার ডেস্ক:
সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মেয়ের জামাতা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বোনজামাই ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একটি সূত্র বলছে ঐ বাসায় নওফেলের মা বেগম হাসিনা মহিউদ্দিন আত্মগোপনে আছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চলছে৷
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশ অভিযান চালাচ্ছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে ডা. সেলিম চৌধুরীর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
এদিকে খুলশীর সেই বাসায় প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নওফেলের মা কার্যক্রম নিষিদ্ধ নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেই এপার্টমেন্ট ভবনটি ঘিরে রেখে এখনো অভিযান চলমান রেখেছে পুলিশ৷
সূত্র: মূল প্রতিবেদন
