প্রথম সমাচার ডেস্ক:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক বলেছেন, আমার বাড়িতে পেট্রোল বোমা হামলার আশঙ্কার কথা গোয়েন্দা সংস্থা আগেই জানিয়েছিল। সতর্কতার অংশ হিসেবে বাড়িতে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা হয়। সেটি থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে এবং বাড়িটি রক্ষা পেয়েছে। অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে পুরো বাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলিতে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিগত ৯ মাসে আমার আসনে বিএনপি নেতাকর্মীরা কারও ওপর জুলুম কিংবা হামলা করেননি। এ সময়ে আওয়ামী লীগের কোনো বাড়িতেও হামলার ঘটনা ঘটেনি। অতীতে বিএনপি নির্যাতিত হলেও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হয়েছে। বিগত ৯ মাস প্রত্যেকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। নাগরিক হিসেবে সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে।
একই এলাকার সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ী করা প্রসঙ্গে এমএ মালিক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই হাবিবের বাড়িতে আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।
বিএনপির প্রতিটি ইউনিটকে শনিবার শান্তিপূর্ণ মিছিল ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছিল জানিয়ে এমএ মালিক বলেন, এর অংশ হিসেবে মোল্লারগাঁও ও কামালবাজার ইউনিয়ন বিএনপি মিছিল বের করে। তবে কামালবাজারে হাবিবুর রহমান হাবিবের নির্দেশে মিছিলে গুলি চালানো এবং মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় একই দিনে একই এলাকার বর্তমান ও সাবেক সংসদ সদস্যের বাড়িতে পৃথক হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শনিবার ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাগুলো ঘিরে দক্ষিণ সুরমায় উত্তেজনা সৃষ্টি হয়।
সূত্র: মূল প্রতিবেদন
