প্রথম সমাচার ডেস্ক:
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া প্রাইভেট শিক্ষক মো. রাজিব হোসেনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। একইসঙ্গে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। এর আগেও একই উপায়ে দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি-১২।
গ্রেপ্তার রাজিব হোসেন (৩৮) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যৌথ আভিযানিক দল শুক্রবার রাত ১২টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করে। পরে একই থানার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে যায়নি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলভাল বুঝিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, রাজিব হোসেন এর আগেও তার দুই ছাত্রীকে একই উপায়ে নিয়ে পালিয়ে ছিলেন। পরে তাদের বিয়ে করলেও কয়েক মাসের ব্যবধানে দুজনকেই ডিভোর্স দেন তিনি। বর্তমানে তার ঘরে একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বলেন, আসামি রাজিব হোসেনকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে তার মায়ের জিম্মায় দিয়েছে পুলিশ।
সূত্র: মূল প্রতিবেদন
