প্রথম সমাচার ডেস্ক:
নতুন শিক্ষকের ক্লাস করতে এতটাই আগ্রহী দুই শিক্ষার্থী যে স্কুলের পোশাক ভেজা থাকলেও স্কুলে আসা বন্ধ করেনি তারা। শেষ পর্যন্ত লুঙ্গি ও গেঞ্জি পরেই হাজির হয়েছে বিদ্যালয়ে। তাদের এমন আগ্রহের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন শিক্ষক।
ঘটনাটি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়টির ৩১ বছর বয়সী সহকারী শিক্ষক হামিদুর রহমান রোববার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে দুই শিক্ষার্থীর এই ঘটনা শেয়ার করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘নতুন স্যারের ক্লাস নাকি খুব ভালো লাগে, তাই তারা কোনোভাবেই স্কুল মিস করতে চায় না। যেকোনো মূল্যে তারা স্কুলে আসতে চায়। ড্রেস ভেজা, তাই ড্রেস আনতে পারেনি। তবুও আমার ক্লাসে তাদের ওয়েলকাম।’
হামিদুর রহমান আরও জানান, দুই শিক্ষার্থীকে শীতের পোশাক ও স্কুল ড্রেসের গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে বলেছেন তিনি। পরে দুই বন্ধু কথা দিয়েছে, পরের দিন থেকে আর স্কুল ড্রেস ছাড়া বিদ্যালয়ে আসবে না।
দুই শিক্ষার্থীর এমন স্কুলমুখী আগ্রহের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে শিক্ষক হামিদুর রহমান তাদের উৎসাহিত করেছেন।
সূত্র: মূল প্রতিবেদন
