বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

সাবেক স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার মিনাজপুর গ্রামের একটি মাঠে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে জীবননগর মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করছিলেন। নানা বিষয় নিয়ে সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে মামলা ও হামলার মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। সেখানে তার সাবেক স্ত্রী পাপিয়া খাতুন ও তার দুই ভাই ওসমান এবং ইসমাইল মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে জখম করে মাঠে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com