বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

সিলগালার পরও খুলছে তালা, ময়মনসিংহে ক্লিনিক-ল্যাবের রমরমা বাণিজ্য

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চকচকে সাইনবোর্ডে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি থাকলেও ময়মনসিংহ শহরের অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে থাকে না চিকিৎসক। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ, কোথাও নাজুক অস্ত্রোপচারকক্ষ, আবার কোথাও ল্যাবের আড়ালেই চলছে হাসপাতাল। সরকারি হাসপাতালের ফটক থেকে দালালচক্রের মাধ্যমে রোগী ভাগিয়ে নেওয়ার পাশাপাশি নানা অনিয়মের অভিযোগে সিলগালা হওয়া অনেক প্রতিষ্ঠানও কয়েক দিনের মাথায় ফের চালু হতে দেখা যায়।

শহরের চরপাড়া, ব্রাহ্মপল্লী, ভাটিকাশর, বাঘমারা, নয়াপাড়া, কপিক্ষেত ও মাসকান্দাসহ বিভিন্ন এলাকার অলিগলিতে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজি ল্যাব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে এসব প্রতিষ্ঠানের বড় অংশের ব্যবসা। এর মধ্যে মানসম্মত প্রতিষ্ঠানও রয়েছে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদনহীন কার্যক্রম, চিকিৎসক-নার্সের অনুপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা, অস্ত্রোপচারে অবহেলা এবং রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ রয়েছে। আরও অভিযোগ উঠেছে, অনিয়মের দায়ে কোনো কোনো প্রতিষ্ঠান সিলগালা হলেও কয়েক দিনের মধ্যে আবার খুলে যাচ্ছে তালা।

সরকারি হিসাব অনুযায়ী, ময়মনসিংহ শহরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ল্যাব রয়েছে প্রায় ২০০টি। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। জেলায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ১ হাজারের বেশি।

ময়মনসিংহ মেডিকেলের প্রধান ফটক, ভেতরের বিভিন্ন অংশ ও আশপাশের সড়কে রোগী সংগ্রহে দালালদের তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। কেউ রোগীকে বোঝান, সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে দেরি হবে। কেউ বলেন, পরিচিত চিকিৎসকের কাছে দ্রুত অস্ত্রোপচার করানো যাবে। আবার কেউ কম খরচে ভালো চিকিৎসার নিশ্চয়তা দেন। অসুস্থ স্বজনকে নিয়ে দিশেহারা মানুষ এসব কথায় বিশ্বাস করে তাদের সঙ্গে চলে যান। পরে রোগী কোন প্রতিষ্ঠানে ভর্তি হলেন, সেখানে প্রয়োজনীয় চিকিৎসক আছেন কি না কিংবা প্রতিষ্ঠানটির অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করার সুযোগও অনেক সময় থাকে না।

এমনি এক ঘটনার ভুক্তভোগী মহানগরের চর কালিবাড়ী এলাকার বাসিন্দা ওসমান আলী। তার অভিযোগ, দালালের খপ্পরে পড়ে তার গর্ভবতী মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে বসুন্ধরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের কথায় সিজারিয়ানে রাজি হন তিনি। কিন্তু অস্ত্রোপচারের পর মেয়ের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তখন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে হাসপাতালের ব্যবস্থাপক কয়েকটি ইনজেকশন দেন বলে জানান ওসমান আলী। এরপর তার মেয়ের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের হুমকির ভয়ে মামলা করার সাহস পাননি বলেও জানান তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের বিপরীতে ডিজি ল্যাব নামের একটি প্রতিষ্ঠান ঘিরে রয়েছে নানা অভিযোগ। সাইনবোর্ডে নামের সঙ্গে শুধুমাত্র ল্যাব থাকলেও সেখানে বেসরকারি হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাঁচতলা ভবনের চারতলা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম চলে। সেখানে অস্ত্রোপচারও করা হয় বলে তথ্য পাওয়া গেছে। ভবনটির পঞ্চম তলায় একটি পরিবারের বসবাস করছে। ফলে প্রতিষ্ঠানটির প্রকৃত পরিচয়, অনুমোদন, ভবনের ব্যবহার এবং চিকিৎসাসেবার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এক সময় স্বাস্থ্য বিভাগ প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছিল। পরে আবার কার্যক্রম শুরু হয়। অভিযোগ রয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে ডিজি ল্যাবে নিয়ে যাওয়া হয়। এ কাজে দালালচক্র সক্রিয় রয়েছে।

সদর উপজেলার ঈশ্বরদিয়া গ্রামের কাঠমিস্ত্রী আবু চাঁন নামে একজন তার ভাবির অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার কথা জানিয়েছেন। তিনি বলেন, পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ভাবিকে সিজারিয়ানের জন্য শহরের এপেক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অস্ত্রোপচারের পর নবজাতক সুস্থ থাকলেও কয়েক দিন পর ভাবির পেটে তীব্র ব্যথা শুরু হয়। ধীরে ধীরে পেট ফুলে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় পেটের ভেতরে গজ থাকার বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রোপচার করে গজ বের করা হয়।

জানা গেছে, এ শহরে চিকিৎসা নিতে আসা মানুষের বড় ভরসা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও গাজীপুর ও সুনামগঞ্জ থেকে রোগীরা এখানে আসেন। কিন্তু এক হাজার শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার রোগী চিকিৎসা নেওয়ায় হাসপাতালটিতে প্রচণ্ড চাপ তৈরি হয়। আর সেই চাপ, রোগীর অসহায়ত্ব এবং দ্রুত চিকিৎসা পাওয়ার আকাঙ্ক্ষাকেই পুঁজি করছে বেসরকারি প্রতিষ্ঠানের একটি অংশ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১০ শয্যার একটি ক্লিনিকে তিনজন ডিউটি চিকিৎসক ও ছয়জন নার্স সার্বক্ষণিক থাকার কথা। শয্যাসংখ্যা বাড়লে প্রয়োজনীয় জনবলও বাড়াতে হয়।

নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ব্যক্তি বলেন, লাইসেন্সের জন্য আবেদন করলেই প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি পাওয়া যায় না। তা সত্ত্বেও অনুমোদন পাওয়ার আগেই অনেক প্রতিষ্ঠান কার্যক্রম চালায়। দালাল ছাড়া রোগী সংগ্রহ কঠিন হওয়ায় কোনো কোনো প্রতিষ্ঠান চুক্তিভিত্তিক লোক নিয়োগ করে।

স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে কোনো কোনো প্রতিষ্ঠান সিলগালা করলেও কয়েক দিনের মধ্যে আবার কার্যক্রম শুরু হতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালত মাঝেমধ্যে অভিযান চালিয়ে দালালদের আটক ও সাজা দিলেও পরে তারা আবার একই কাজে ফিরে আসে।

চরপাড়া এলাকার বাসিন্দা আসিফ রফদার বলেন, রোগী হাসপাতালে যান সুস্থ হওয়ার আশায়, সর্বস্ব হারাতে কিংবা প্রিয়জনকে হারানোর ঝুঁকি নিতে নয়। তাই চিকিৎসার নামে প্রতারণা, অনিরাপদ চিকিৎসা ও দালালনির্ভর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, চিকিৎসক সার্বক্ষণিক রাখা সম্ভব না। কারণ এতে খরচ বেশি পড়ে। বেশিরভাগ বেসরকারি হাসপাতালেই চিকিৎসক সার্বক্ষণিক থাকেন না। ওটি হলে চিকিৎসককে ডেকে আনা হয়। তবে ওটির পর মাঝেমধ্যে রোগী মৃত্যুর ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দ্বায়ভার আসে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর। অথচ অনেকেই বুঝতে চান না, রোগীর অপারেশন করেছে চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ না।

বসুন্ধরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এ গোলন্দাজ বলেন, আমার হাসপাতালে অবহেলা বা ভূল চিকিৎসায় কখনো মৃত্যু হয়নি। সুচিকিৎসার পর ভাগ্যক্রমে মৃত্যু হলে এতে কারও দোষ থাকে না।

ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, শহরে চিকিৎসাসেবার নামে রমরমা ব্যবসা চলছে। তার অভিযোগ, প্রতারণার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অথচ স্বাস্থ্য বিভাগের তদারকি আরও জোরদার করা প্রয়োজন। অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম নজরদারিতে আনার দাবি জানান তিনি।

অন্যদিকে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. শামসুদ্দোহা মাসুম বলেন, আমরা চাই সব প্রতিষ্ঠানে রোগীরা ভালো চিকিৎসাসেবা পাক। আবেদন করা প্রতিষ্ঠানগুলোকে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া উচিত। একই সঙ্গে সুচিকিৎসার নামে অপচিকিৎসা দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে আমরা স্বাগত জানাব।

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি এ এইচ এম খালেকুজ্জামান বলেন, সব বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারকে একভাবে দেখা ঠিক হবে না। অনেক প্রতিষ্ঠান নিয়ম মেনে সেবা দেওয়ার চেষ্টা করে। তবে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, হাসপাতাল নিজস্ব ভবনে স্থাপন করতে হবে। পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দেখা যায়। কোনো কোনো ভবনে হাসপাতালের পাশাপাশি আবাসিক ভাড়ার ব্যবস্থাও রয়েছে। বর্জ্য শোধনাগারসহ প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অনেক প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র পায় না বলেও জানান তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, বৃহত্তর ময়মনসিংহ এছাড়াও গাজীপুর, সুনামগঞ্জের মানুষও এখানে চিকিৎসার জন্য আসেন। হাসপাতালের ভেতরে দালাল চিহ্নিত করা খুবই কঠিন। আমরা চাই, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলুক। এতে দালালদের উৎপাত কমবে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান বলেন, আমরা হঠাৎ করেই ময়মনসিংহ মেডিকেলে অভিযান চালাই। তখন দালালদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু কারাগার থেকে মুক্ত হয়ে এরা আবারও একই কাজ শুরু করে। দালালদের বেশিরভাগই স্থানীয়। গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আবারও দালালদের আইনের আওতায় আনা হবে। তবে রোগী ও তাদের স্বজনদেরও সচেতন থাকা উচিত।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী বলেন, আমি সম্প্রতি জেলায় যোগ দিয়েছি। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে।

স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহাও জানান, তালিকা ধরে প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে। যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যাবে, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষকেও চিকিৎসা নেওয়ার আগে প্রতিষ্ঠানের অনুমোদন ও সেবার ধরন সম্পর্কে খোঁজ নিতে হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com