শুক্রবার, ০৫ জুন ২০২৬
Logo
×

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

প্রথম সমাচার ডেস্ক ০৫ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমির দুর্গম এলাকায় একটি যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। মরুভূমির তীব্র গরম ও পানির সংকটে তারা প্রাণ হারান।

এ ছাড়াও আরেকটি বিকল লরিতে তিন দিন ধরে আটকা থাকা ৬০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আগাডেজ গভর্নরের এক ফেসবুক পোস্টে জানানো হয়, মৃতরা মালি থেকে একটি মুসলিম ধর্মীয় অনুষ্ঠান শেষে নিজ দেশে ফিরছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়।

এতে মরুভূমির প্রত্যন্ত এলাকায় আটকা পড়েন যাত্রীরা। একপর্যায়ে তাদের কাছে থাকা পানি শেষ হয়ে যায় এবং চরম তৃষ্ণা ও দাবদাহের মধ্যে প্রাণ হারান বলে জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঘটেছে নাইজার ও আলজেরিয়ার সীমান্তবর্তী শহর আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে জনবিরল মরু অঞ্চলে। মালি সীমান্ত থেকেও এর দূরত্ব বেশ কাছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় মাত্র দুজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। তারা ৫০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে শেষ পর্যন্ত একটি পানির উৎসের কাছে পৌঁছাতে সক্ষম হন।

পরে আসামাকা শহরে গিয়ে কর্তৃপক্ষকে পুরো ঘটনার বর্ণনা দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রশাসন ঘটনাটি সম্পর্কে জানতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

গভর্নরের বিবৃতিতে বলা হয়, ট্রাকটির চালক, সহকারী ও যাত্রীরা বেশ কয়েক দিন গাড়িটি মেরামতের সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে তারা প্রচণ্ড তাপমাত্রা ও পানির উৎসহীন এক বৈরী পরিবেশে আটকা পড়েন, যেখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে। পরে মরদেহ একটি গণকবরে দাফন করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ফেরার পথে উদ্ধারকারী দল জানায়, তারা আরও একটি বিকল লরির সন্ধান পায়। লরির ব্যাটারি নষ্ট হওয়ায় তিন দিন ধরে ৬০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছিলেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...