ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রামে নবীন আইনজীবীদের নিয়মিত আদালতে উপস্থিত থেকে সিনিয়র আইনজীবীদের কাজ অনুসরণ এবং তাদের পুরোনো মামলা ও রায় পড়ার পরামর্শ দিয়েছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আইন পেশায় সফল হতে হলে নবীন আইনজীবীদের সিনিয়রদের কাছ থেকে হাতে-কলমে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। এই পেশায় শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে নিয়মিত আদালতে আসতে হবে। কোনো মামলার কাজ না থাকলেও আদালতের কার্যক্রম, সিনিয়র আইনজীবীদের যুক্তি এবং মামলার শুনানি পর্যবেক্ষণ করতে হবে।
তিনি বলেন, সিনিয়রদের পুরোনো ও নিষ্পত্তি হওয়া মামলার নথি ও রায় পড়তে হবে। কোন মামলায় কীভাবে যুক্তি উপস্থাপন করা হয়েছে এবং আদালত কোন বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন, তা বোঝার চেষ্টা করতে হবে। এভাবে নিয়মিত শেখার মাধ্যমে নবীন আইনজীবীরা নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে পারবেন।
তিনি আরও বলেন, আইন পেশায় ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই। সততা ও নিয়ম-শৃঙ্খলা ছাড়া আইনজীবী হিসেবে দীর্ঘমেয়াদে সফল হওয়া কঠিন। তাই অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। একজন আইনজীবী যখন নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন সাফল্য ও সম্মান তার কাছে আসবে।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মধুপুর পীরের