ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চলমান ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পদযাত্রা শেষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি হাদী হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে ভারত সরকারের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।
আজ বুধবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের তাদের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থান, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার সম্পন্ন করা।সংবাদ সম্মেলনে জাবের অভিযোগ করেন, শহীদ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার পর দেশি-বিদেশি বিভিন্ন চক্র ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তার দাবি, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়া হলেও ভারত সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো জবাব দেয়নি।
তিনি আরো অভিযোগ করেন, এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা না বলার জন্য নির্দেশ দিয়েছেন। এসব বিষয়ের উল্লেখ করে জাবের দাবি করেন, ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরাসরি জড়িত।
জাবের বলেন, ‘নির্বাচনের আগে আমরা যখন হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি, তখন অভিযোগ করা হয়েছিল যে আমরা নাকি নির্বাচন বানচাল করতে আন্দোলন করছি। এখন তো দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আট মাস পেরিয়ে গেলেও এখনো কেন শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার হচ্ছে না-সরকারের কাছে আমরা সেই জবাব চাই।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক বলেন, গত ১৭ বছর বিএনপি, জামায়াতসহ অন্যান্য বিরোধী দল স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের পথ ধরেই আজ বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু তারা যদি জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে অতীতে বিএনপিকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে।

থানায় ঢ়ুকে তিন পুলিশকে পেটানোর অভিযোগে আসলাম গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা চার দিনের রিমান্ডে
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার