শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Logo
×

২০ বছর ধরে বগুড়ার মানুষ উন্নয়নবৈষম্যের শিকার: শাহে আলম

Icon প্রথম সমাচার ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০ বছর ধরে বগুড়ার মানুষ উন্নয়নবৈষম্যের শিকার হয়েছেন। বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস।

উন্নয়ন দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। তবে বগুড়ার উন্নয়নে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে দৈনিক আমাদের আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, বগুড়া কৃষিতে উদ্বৃত্ত একটি জেলা।

এখানে বছরে প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকার খাদ্য উদ্বৃত্ত থাকে। অথচ দীর্ঘদিন জেলাটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। বগুড়াকে শিল্প, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও নগরায়ণের গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করতে সরকার কাজ করছে। উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আরাফাত রহমান কোকো প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

বগুড়া বহুমাত্রিক বিমানবন্দর নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৫৭০ কোটি টাকা। বগুড়া সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে এক হাজার ৯৯৪ কোটি টাকা, জেলার ১৩টি উপজেলার উন্নয়নে তিন হাজার ৫০০ কোটি টাকা এবং পৌরসভাগুলোর জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। বগুড়া ওয়াসা ও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে বলে জানান তিনি।
সড়ক উন্নয়ন, যানজট নিরসন, যমুনার ভাঙন রোধ, পানি সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

জেলার ১৩টি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ, বিসিক শিল্প পার্ক স্থাপন এবং বগুড়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত করার উদ্যোগের কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সব অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করার কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি গত ২০ বছরের নির্যাতন ও বঞ্চনার ইতিহাস তুলে ধরার আহবান জানান। অপপ্রচার ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘বট-গুপ্ত শুধু আওয়ামী লীগ বা জামায়াতে নেই, নিজেদের দলেও আছে। হিংসা থেকে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নেই। আসুন, ভালো কাজকে উৎসাহিত করি। বগুড়ার স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হই।’

সভায় প্রধান বক্তা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে। এই বঞ্চনার অবসান ঘটিয়ে বগুড়ার উন্নয়ন করা হবে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে হবে; সত্য প্রকাশ করতে গিয়ে তা কারো বিরুদ্ধে গেলেও সরকার স্বাগত জানাবে।

দৈনিক আমাদের সম্পাদক লোটন একরামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ ইসলাম আলমগীর পাভেল, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন প্রমুখ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com