বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

৫৮ রানে ভাঙল উদ্বোধনী জুটি, ফিরলেন তানজিদ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে প্রথম আঘাত হানলেন উইয়ান মুল্ডার। ইনিংসের ১৫তম ওভারে তার শর্ট লেংথের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়েছেন তানজিদ হাসান তামিম। ফেরার আগে ৪৮ বলে চারটি বাউন্ডারিতে ২৯ রান করেছেন এই ওপেনার।

তানজিদের বিদায়ে ক্রিজে এসেছেন মুমিনুল হক। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৮ রান। মাহফিজুল ইসলাম অপরাজিত রয়েছেন ২৮ রানে। ইনিংস হার এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ৩৪৫ রান।

শুরুর জড়তা কাটিয়ে রানের গতি বাড়িয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। অষ্টম ও নবম ওভারে চারটি বাউন্ডারিতে ১৯ রান তুলেছেন তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম। তবে নবম ওভারে কাগিসো রাবাদার বলে জীবন পেয়েছেন মাহফিজুল। তার ব্যাটের বাইরের কানায় লাগা বল তালুবন্দি করতে পারেননি এইডেন মার্করাম।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪১ রান। মাহফিজুল ২৩ ও তানজিদ ১৮ রানে অপরাজিত রয়েছেন। ইনিংস হার এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ৩৬২ রান।

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিপক্ষে সতর্ক ব্যাটিং করছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম। শুরুর দিকে রান বের করতে বেশ ভুগলেও ধীরে ধীরে হাত খুলছেন দুজন। ষষ্ঠ ওভারে মার্কো ইয়ানসেনের বলে দুজনই নিয়েছেন তিন রান করে। পরের ওভারে কাগিসো রাবাদার বলে ব্যাটের বাইরের কানায় লেগে থার্ডম্যান দিয়ে বাউন্ডারি পেয়েছেন মাহফিজুল। ৬.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৭ রান। ইনিংস হার এড়াতে এখনও প্রয়োজন ৩৮৬ রান।

তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের ৭ উইকেটে ৪৯৪ রানেই প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। ফলে ইনিংস হার এড়াতে বাংলাদেশকে করতে হবে অন্তত ৪০৩ রান।

বিশাল রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার করা প্রথম ওভারে কোনো রান নিতে পারেননি তানজিদ। ১.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে শূন্য রান।

সুপ্রিয় পাঠক, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের লাইভ ব্লগে আপনাদের স্বাগত।

প্রথম দুই দিনের হতাশা পেছনে ফেলে আজ কতটা প্রতিরোধ গড়তে পারবে বাংলাদেশ, সেটিই এখন দেখার অপেক্ষা। বিশাল ব্যবধানে পিছিয়ে থাকা টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। দিনের গুরুত্বপূর্ণ সব মুহূর্ত, স্কোর ও সর্বশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকবে এশিয়া পোস্ট।

সেঞ্চুরিয়নে পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৮ রান।

দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের ওপর আরও চড়াও হন প্রোটিয়া ব্যাটাররা। মার্কেস অ্যাকারম্যানের ১৫০ ও উইয়ান মুল্ডারের ১০০ রানের ইনিংসে ভর করে দিন শেষে ৭ উইকেটে ৪৯৪ রান তোলে স্বাগতিকরা। ৬৭ রানে অপরাজিত রয়েছেন মার্কো ইয়ানসেন। তার সঙ্গে ক্রিজে আছেন সাইমন হার্মার। বাংলাদেশের চেয়ে ৪০৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com