সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ পুরাতন কমিউনিটি হাসপাতাল’-এ চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে শিউলী খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই চিকিৎসক ও ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছে নিহতের পরিবার।
নিহত শিউলী খাতুন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের মো. মাহিমের স্ত্রী।
এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর প্রসববেদনা উঠলে শিউলী খাতুনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আনুমানিক ২টার দিকে সার্জন ডা. সুলতান মাহমুদ এবং অ্যানেস্থেটিস্ট ডা. রোমেলের উপস্থিতিতে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।
অপারেশনের পর বেডে নেওয়া হলে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এ সময় স্বজনরা বিষয়টি ক্লিনিক পরিচালক মো. কামাল তালুকদার ও চিকিৎসকদের অবহিত করেন। অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে পুনরায় অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়।
স্বজনদের অভিযোগ, প্রায় আট ঘণ্টা ওটিতে রাখার পর ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে তাকে বাইরে আনা হয়। তখন তিনি সম্পূর্ণ অচেতন ছিলেন। পরে ক্লিনিক কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পর স্বজনরা মরদেহ নিয়ে পুনরায় ক্লিনিকে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং বিচার দাবি করে থানায় অভিযোগ দায়ের করেন। নিহতের ভাই ও শিয়ালকোল ইউনিয়ন যুবদলের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. পান্না শেখ এ এজাহার দায়ের করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পুরাতন কমিউনিটি হাসপাতাল’-এ চিকিৎসাজনিত অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ এর আগেও উঠেছিল। গত ১৯ মে সাবিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূ অ্যাপেনডিক্স অপারেশনের পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও তিনি মারা যান। ওই ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছিলেন।
একই ক্লিনিকে বারবার রোগী মৃত্যুর অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ক্লিনিকটির কার্যক্রম তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে
২৪ দিনের অবরোধে স্থবির সাজেকের পর্যটন শিল্প