চট্টগ্রামের সন্দ্বীপে নাসির উদ্দীন বাবুল নামে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ নাসির উদ্দীন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার আজ শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে নাসির উদ্দীন বাবুল গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে প্রথমে হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দীন বাবুল মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমের ভাই। সম্প্রতি স্থানীয় এক পুলিশ সদস্যকে অপহরণের মামলায় আব্দুল করিম আটক হওয়ার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তবে বাবুলের ওপর কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা বা কাউকে আটকের তথ্যও পাওয়া যায়নি।
সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এআর

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে
২৪ দিনের অবরোধে স্থবির সাজেকের পর্যটন শিল্প