প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেয়ার বিষয়ে ছয়টিরও বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নুমান মাহমুদকে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে মনোনীত করেছে এবং তাকে একজন ‘অত্যন্ত ভালো ও ধর্মপ্রাণ কর্মকর্তা’ হিসেবে অভিহিত করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবের ওপর হামলা শুরুর কয়েক সপ্তাহ আগে, অর্থাৎ ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছিল।
ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতোই, এই চুক্তিতে বিধান রাখা হয়েছে যে, এই তিনটি দেশের কোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। পাকিস্তানের শীর্ষ এই কূটনীতিক জানান, সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী সপ্তাহে মক্কা চুক্তির আওতায় একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে; তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরব ইতিমধ্যে ১৭ থেকে ১৮টি হামলার শিকার হয়েছে।
দার বলেন, ‘আমরা সৌদি আরবকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের সনদেও এ ধরনের জোটকে পদক্ষেপ নেয়ার অনুমতি দেয়া হয়েছে। ন্যাটোও একই নীতিতে কাজ করে।’ হরমুজ প্রণালীর বিষয়ে দার বলেন, ‘কৌশলগত এই জলপথটি অতিক্রম করার জন্য কোনো ফি বা সার্ভিস চার্জ থাকা উচিত নয়।’
আফগানিস্তানের প্রসঙ্গে দার বলেন, ‘দেশটির প্রতি পাকিস্তানের শুভকামনা রয়েছে, তবে পাকিস্তান চায় কাবুল যেন নিশ্চিত করে, তাদের ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত না হয়। তেহরিক-ই-তালিবান পাকিস্তান, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং ফিতনা আল-হিন্দুস্তানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছে, তা তাদের প্রমাণ করতে হবে।’

যুদ্ধের ধ্বংসস্তূপেও কোরআনের আলো, গাজায় সংবর্ধনা পেলেন এক হাজার হাফেজ
শেখ হাসিনাকে যেসব শর্তে ফেরত দিতে চায় ভারত