পুনর্বাসনের ব্যবস্থা না করে উর্দুভাষী জনগোষ্ঠীর ক্যাম্প উচ্ছেদ না করা এবং স্থায়ী পুনর্বাসনের দাবিতে সৈয়দপুর থেকে নীলফামারী পর্যন্ত লংমার্চ করেছেন উর্দুভাষী জনগোষ্ঠীর সদস্যরা।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে স্ট্র্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটির (এসপিজিআরসি) উদ্যোগে এ লংমার্চ অনুষ্ঠিত হয়। লংমার্চ শেষে শতাধিক উর্দুভাষী মানুষ নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, সৈয়দপুরের বিভিন্ন উর্দুভাষী ক্যাম্পে অপরিচ্ছন্ন ও অনিরাপদ পরিবেশে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। অনেক পরিবারকে মাত্র ১০ ফুট বাই ১০ ফুটের ঘরে বসবাস করতে হচ্ছে। এ অবস্থায় তাদের ন্যূনতম নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এসপিজিআরসির সভাপতি মো. রেয়াজ আকবর বলেন, ‘আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছি। পরিবার নিয়ে ১০ ফুট বাই ১০ ফুট ঘরে বসবাস করতে হয়-এই বিষয়টিও জেলা প্রশাসককে জানিয়েছি।’
সংগঠনটির দপ্তর সম্পাদক মো. শাহীন বলেন, ইতোমধ্যে উচ্ছেদ হওয়া ক্যাম্পবাসীদের জন্য দ্রুত স্থায়ী ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। স্থায়ী পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ক্যাম্পবাসীকে উচ্ছেদ না করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বিদ্যমান ক্যাম্প উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পবাসীদের নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। পাশাপাশি দেশের সব উর্দুভাষী ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত এবং ক্যাম্পবাসীদের জানমাল রক্ষায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।শাহীন বলেন, তাদের প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শুনেছেন। পরে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
উর্দুভাষী জনগোষ্ঠীর নেতাদের দাবি, দেশের ১৩টি জেলায় তাদের প্রায় ৭০টি ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পে বসবাসরত মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্প উচ্ছেদ বন্ধ রাখার পাশাপাশি জীবনযাত্রার মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে
২৪ দিনের অবরোধে স্থবির সাজেকের পর্যটন শিল্প