মাদক মামলায় প্রায় দেড় মাস কারাভোগের পর কোরআন শরীফ বুকে নিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সভাপতি মো. মতিউর রহমান তারা তালুকদার।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর দাবি, বাড়িতে কোনো মাদক ছিল না; বাইরে থেকে ইয়াবা এনে তাঁর বাড়ির আঙিনা থেকে উদ্ধারের কথা বলা হয়েছে।
মতিউর রহমান মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সিন্দুরা ফসল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের দুরমুঠ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
গত ১৫ আগস্ট তাঁকে গ্রেফতারের পর ১৭ আগস্ট মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মো. মতিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়।সংবাদ সম্মেলনে মতিউর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল, সহসভাপতি জিয়াউল হক জিয়া, যুবদলের হেলাল, হযরত আলী, প্যানেল চেয়ারম্যান বিলাশ সরকার ও সভাপতি অপুসহ স্থানীয় বিএনপির কয়েকজন নেতার অনিয়ম, চাঁদাবাজি ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে আসছিলেন।
এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি দলের কিছু নেতার বিরাগভাজন হন। একপর্যায়ে তাঁকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে মাদক মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
কোরআন শরীফ বুকে নিয়ে মতিউর রহমান বলেন, তাঁর ঘরে কোনো মাদক ছিল না। বাইরে থেকে ইয়াবা এনে তাঁকে ফাঁসানো হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, সাজানো মামলায় তাঁকে প্রায় দেড় মাস কারাভোগ করতে হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি দলের ভেতরের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন নেতা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন এবং এর জেরেই তাঁকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে।
মতিউর রহমানের স্ত্রী বিউটি বেগম সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ করেন। তিনি বলেন, অভিযানের পর তাঁর কাছে প্রথমে দুই লাখ টাকা চাওয়া হয়। পরে অনেক অনুরোধ করেও বিষয়টি সমাধান না হওয়ায় গহনা বন্ধক রেখে ৫০ হাজার টাকা সংগ্রহ করেন তিনি।
তাঁর অভিযোগ, হেলাল উদ্দিন নামে ডিবির এক সদস্য ওই টাকা চেয়েছিলেন। টাকা দেওয়ার পর তাঁর স্বামীর মোটরসাইকেলটি ছেড়ে দেওয়া হয়।
তবে দলের নেতাদের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেছেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। তিনি বলেন, তাঁর আনা অভিযোগ সঠিক নয়। পুলিশ ইয়াবা পেয়েছে বলেই তাঁকে গ্রেফতার করেছে। দলের কেউ তাঁকে ফাঁসায়নি।
অপরদিকে পুলিশের দাবি, ১৬ আগস্ট দিবাগত রাতে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সিন্দুরা ফসল এলাকায় মতিউর রহমান তারার বাড়িতে অভিযান চালায় জেলা ডিবি-২। এ সময় তাঁর বসতবাড়ি থেকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়। পরে ১৭ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার