সম্প্রতি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাবেক সংসদ সদস্যসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতি, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুল তালুকদার এবং সিরাজগঞ্জের রায়গঞ্জের ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলার নাম রয়েছে।
এ ছাড়া বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অভিযানে গ্রেফতার হয়েছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া রেনু মিয়াকেও আট ঘণ্টা পর পুনরায় গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
শেখ হাসিনা আগস্ট ও সেপ্টেম্বরে দুই দফায় ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কর্মীদের মনোবল ধরে রাখতেই এমন ঘোষণা দেওয়া হয়ে থাকতে পারে। অন্যদিকে আরেকটি অংশের ধারণা, ভারত ও আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় নিরাপত্তা ও আইনি নিশ্চয়তার ভিত্তিতে দেশে ফেরার কোনো রাজনৈতিক সমঝোতার চেষ্টা হতে পারে।
তবে দেশে ফেরার বিষয়ে কোনো সমঝোতা হোক বা না হোক, ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা বা জনজীবন অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে ব্যাপক গ্রেফতারের কারণে দেশের কারাগারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। কারাগারগুলোর মোট ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার হলেও বর্তমানে গড়ে প্রায় এক লাখ বন্দি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে নির্বিচারে গ্রেফতারের পরিবর্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য উসকানিদাতা ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশও জানিয়েছে, ডিসেম্বরকে ঘিরে রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনজীবন অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪