কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতা গোলাম সামদানীর সংশ্লিষ্টতার গুঞ্জন উঠেছে।
এ নিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন,‘কুমিল্লায় জামায়াতের আভ্যন্তরীণ বিরোধে এবি পার্টির স্থানীয় নেতা ও শহর আহ্বায়ক গোলাম সামদানীর সংশ্লিষ্টতার ব্যাপারে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা নিশ্চিত হলে বিধি মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতের এ ঘটনায় মহানগর জামায়াতের নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সমর্থকরা সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দুই নেতার অনুসারীদের মাঝে সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টি হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কুমিল্লা মহানগর জামায়াতের নেতৃত্ব ও পদের বিন্যাস নিয়ে দলের নেতাকর্মীদের একটি অংশের মধ্যে মতবিরোধ চলে আসছিল। আসন্ন মহানগর জামায়াতের কমিটিতে নিজেদের পছন্দের নেতৃত্ব আনয়ন বা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নেয়। এর জেরে বুধবার রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে মোগলটুলী ফারুকী হাউজে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এর মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই শুরু করে।
এ সময় তারা হট্টগোল করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে। কারা এ ঘটনায় জড়িত আমরা তা তদন্ত করে দেখছি।

১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির শোভাযাত্রা
ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট
চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন, আলোচনার বিষয় কী