সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য অনুমতি চাওয়ার শামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও দাবি জানায়। দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানার স্বাক্ষরে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
দলটি অভিযোগ করেছে, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে প্ররোচিত করবে এবং মানবাধিকার লঙ্ঘনের নতুন পথ খুলে দেবে। একই সঙ্গে বিতর্কিত এই বক্তব্যের দায়ে আইজিপিকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে তারা।
এর আগে সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশপ্রধান মো. আলী হোসেন ফকির বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’
আইজিপির এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপি তাদের বিবৃতিতে স্পষ্ট করে, সরকারের অনুমোদন বা সম্মতির দোহাই দিয়ে কখনোই কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায় না। ক্ষমতাসীন দল বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার অঙ্গীকারের কথা তুলে ধরে দলটি উল্লেখ করে, তারা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের চিরতরে অবসানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের সময়ে দায়িত্ব পাওয়া আইজিপির এমন বক্তব্য স্পষ্টতই সেই অঙ্গীকারের সঙ্গে চরম দ্বিচারিতা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে অযোগ্য ব্যক্তি নিয়োগের প্রত্যক্ষ প্রমাণ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর চলা গুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, অতীতের স্বৈরাচারী শাসন থেকে শিক্ষা না নিয়ে বর্তমান সময়ে পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের বেআইনি ও উসকানিমূলক বার্তা দেওয়া চরম ধৃষ্টতার পরিচায়ক। আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতেই নতুন করে ‘ক্রসফায়ার’-এর ভয় দেখানো হচ্ছে, যা একধরনের প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের কোনো বেআইনি নির্দেশ মানতে পুলিশ প্রশাসন বাধ্য নয়—দেশের প্রচলিত আইনেই বিষয়টি স্পষ্টভাবে বিধিবদ্ধ রয়েছে। তাই রাষ্ট্রে আইনের শাসন নিশ্চিত করতে এবং পুলিশ বাহিনীকে যাবতীয় বেআইনি সংস্কৃতি থেকে বের করে এনে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দেয় এনসিপি। এ লক্ষ্যে অবিলম্বে বর্তমান আইজিপির অপসারণ এবং জুলাই সনদের আলোকে দ্রুত স্বাধীন ‘পুলিশ কমিশন’ গঠনের জোর দাবি জানায় দলটি।

বিএনপি নেতা শাহাদাতকে প্রশাসক করায় সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: এনসিপি নেতা আরিফ
পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা
নাটোরে কুপিয়ে আহত করা সেই ছাত্রদল নেতা শাকিল মারা গেছেন