ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বললেন, বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পরে আট মাস অতিক্রান্ত হলেও কোনো ক্ষেত্রেই সরকার সফলতা দেখাতে পারছে না। বরং ব্যর্থতাগুলো প্রকট হয়ে উঠছে।
আজ বুধবার (১১ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘আল্লামা নুরুল হুদা ফয়েজীর (রহ.) জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করেছে পতিত শক্তি। পুলিশের তথ্যমতেই সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ।
তিনি বলেন, এই নাশকতাকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করতে না চাইলেও জনমনে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। শ্রমিক অসন্তোষের কোনো সমাধান হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল হচ্ছে মানুষ। জনজীবনের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না।
চরমোনাই পীর আরও বলেন, আল্লামা নুরুল হুদা ফয়েজীর খেদমত ছিল দ্বীনের সব শাখায় পরিপূর্ণ। তিনি দীর্ঘদিন ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতি, ইলম চর্চা, তাসাউফ এবং ইসলামি ঐক্যের ক্ষেত্রে হুজুরের অবদান অনস্বীকার্য।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: মীর হেলাল