বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় অন্যের হাতে তুলে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর হস্তক্ষেপে শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়া হয়।
এর আগে, বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে শিশুটিকে অন্যের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটে। শিশুটির মা অনিকা আক্তার ওই গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আলামিন নামে এক ছেলেসন্তানের জন্ম হয়। বর্তমানে তার বয়স এক বছর তিন মাস।
অনিকা আক্তার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী স্ত্রী ও সন্তানের খোঁজখবর রাখতেন না। এতে সংসারে আর্থিক সংকট দেখা দেয়। একপর্যায়ে অসহায়ত্বের কারণে অনিকা ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে অন্যের হাতে তুলে দেন।
শিশুটিকে মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম নিয়েছিলেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, আইনগতভাবে এভাবে শিশু অন্যের হাতে তুলে দেওয়ার সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনগতভাবে শিশুটিকে নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে
২৪ দিনের অবরোধে স্থবির সাজেকের পর্যটন শিল্প