রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

রাতে যে সুরা পাঠ করলে সংসারের অভাব দূর হয়

Icon প্রথম সমাচার ডেস্ক

সুরা ওয়াকিয়া পবিত্র কোরআনের ৫৬তম সুরা। এর আয়াত সংখ্যা ৯৬টি, এটি মক্কায় অবতীর্ণ। ওয়াকিয়া অর্থ ঘটনা। তাফসিরবিদরা বলেন, ওয়াকিয়া অর্থ কেয়ামতও।

সুরা ওয়াকিয়ায় কেয়ামত, আখেরাত, জান্নাত-জাহান্নাম, আল্লাহর বিচার ও মানুষের ভাগ্য সম্পর্কে বিস্তারিত আলাপ করা হয়েছে।

এ সুরায় বলা হয়েছে কেয়ামতের দিন মানুষের বিভিন্ন অবস্থা ও অবস্থানের কথা। বলা হয়েছে যে, কেয়ামতের দিন পৃথিবী প্রকম্পিত হবে এবং পাহাড় ছিন্নভিন্ন হয়ে যাবে। শেষ বিচারের দিন মানুষ তিন ভাগে বিভক্ত হবে- ১. আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা, ২. ডান হাতের সঙ্গীরা এবং বাম হাতের সঙ্গীরা।

সুরা ওয়াকিয়া পড়ার ফজিলত

সুরা ওয়াকিয়া তেলাওয়াত করলে সংসারে অভাব আসে না। ব্যক্তির জীবনে দারিদ্র্যতা গ্রাস করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার ওপর অভাব আসবে না।’ (সুনানে বায়হাকি, হাদিস: ২৪৯৭)

সুরা ওয়াকিয়া পাঠ করলে পাঠকারী কখনও উপবাস থাকবে না। সুরা ওয়াকিয়া নিয়ে বিখ্যাত দুই সাহাবির মাঝে চমৎকার এক ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন অন্তিম শয্যায় শায়িত। উসমান (রা.) তাকে দেখতে এলেন। জানতে চাইলেন, ‘আপনার অসুখ কী?’ ইবনে মাসউদ বললেন, ‘আমার পাপ আমার অসুখ।’ তিনি জানতে চাইলেন, ‘আপনার বাসনা কী?’ তিনি বললেন, ‘আমার পালনকর্তার রহমত কামনা করি।’ তিনি জানতে চাইলেন, ‘আমি সরকারি কোষাগার থেকে কোনো উপঢৌকনের ব্যবস্থা করে দেব, যা আপনার এবং আপনার মেয়েদের উপকারে আসবে?’ তিনি বললেন, ‘এর কোনো প্রয়োজন নেই। আমি আমার মেয়েদের সুরা ওয়াকিয়া শিখিয়েছি। আমি রাসুলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে, অভাব তাকে কখনও স্পর্শ করবে না।’ (তাফসিরে জালালাইন, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৩৫৩)

সুরা ওয়াকিয়া কখন পড়তে হয়

সুরা ওয়াকিয়া যে কোনো সময় পড়া যায়। এর জন্য ধরাবাঁধা নিয়ম নেই। মাগরিব নামাজের পর বা রাতের শুরুতে সুরা ওয়াকিয়া পাঠে বিশেষ সওয়াবের কথা বলেছেন ইসলামি গবেষকরা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com