প্রথম সমাচার ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (বিএমডি) জব্দ করা পাথর অবৈধভাবে কেনা, মজুত ও ভাঙার অপরাধে ২৫টি ক্রাশার মিল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার ভোলাগঞ্জ ও পাড়ুয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ পুলিশ ও আনসার সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১ হাজার ঘনফুট পাথর জব্দ করেছিলেন। কিন্তু জব্দের দুই দিনের মাথায় একটি চক্র সেই পাথর সরিয়ে ফেলে, ফলে নিলামকারীকে পাথর বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে রাতের আঁধারে ট্রাক্টরযোগে এসব পাথর এনে ভোলাগঞ্জ ও পাড়ুয়ার বিভিন্ন ক্রাশার মিলে বিক্রি করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে অভিযান চালালেও কোনো ট্রাক্টর আটক করা সম্ভব হয়নি। তবে যেসবে ক্রাশার মিলে অবৈধ পাথর ভাঙা ও মজুত করা হয়েছিল, বেলা ১টা পর্যন্ত টানা অভিযানে পেলুডার দিয়ে এমন ২৫টি ক্রাশার মিল সম্পূর্ণ অকেজো ও গুঁড়িয়ে দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতায় লাখ টাকার পুরস্কার, বিচারক রবিন রাফান
ভোলায় যুবদলের নতুন কমিটির সভাপতি ফেরদৌস, সম্পাদক মনির