মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

রাকসুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আম্মারের অবস্থান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার ও রাবি সংস্কার আন্দোলনের নেতারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।

এ সময় আম্মার ও তার সহযোগীদের ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশানের কালক্ষেপণ, মানবে নারে শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো চোখ খোলো, রাকসু কবে সেটা বলো’, ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

জানতে চাইলে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘ক্যাম্পাসে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সব রাজনৈতিক দলের ভাইবোনেরাও রাকসু চায়। আমি বিশ্বাস করি সবাই রাকসু চাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যেই রাকসুর তফসিল দিতে হবে। আমাদের কর্মসূচি চলমান থাকবে।’

এ সময় আম্মার ও রাবি সংস্কার আন্দোলনের নেতাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন মঞ্চ-২৪ রাবি শাখা নামের আরেক প্ল্যাটফর্মের নেতারা।

এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার ঘোষণা দেয় রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন আম্মার এবং মঞ্চ ২৪-এর রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদের নেতৃত্বে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com