প্রথম সমাচার ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত সব স্মৃতিচিহ্ন ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে না বলে সংসদে অভিযোগ তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি।
তিনি বলেন, শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগসহ অনেক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন এখনো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ প্রদর্শনের জন্য রাখা হয়নি। এসব নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ ও জনসাধারণের সামনে তুলে ধরতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের মাধ্যমে বিষয়টি সংসদে উত্থাপন করেন সানজিদা ইয়াসমিন তুলি।
সংসদে সানজিদা ইয়াসমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম হওয়া ব্যক্তি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও শেষ স্মৃতিচিহ্ন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল। এসব স্মৃতিচিহ্নের মধ্যে শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগের মতো আবেগঘন ও ঐতিহাসিক নিদর্শন রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে সবকিছু এখনো জাদুঘরে যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।
উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, যে-সব স্মৃতিচিহ্ন এখনো প্রদর্শন করা হচ্ছে না, সেগুলো আদৌ যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না। এসব নিদর্শন কেবল শহীদ পরিবারের ব্যক্তিগত স্মৃতি নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই অত্যন্ত মূল্যবান ও ঐতিহাসিক সম্পদ। তাই এগুলোর যথাযথ সংরক্ষণ ও দ্রুত প্রদর্শনের ব্যবস্থা নেওয়া জরুরি বলে তিনি মত দেন।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরটির উদ্বোধন হলেও এর সার্বিক কার্যক্রম এখনো চলমান রয়েছে। ফলে পর্যায়ক্রমে সংগৃহীত সব স্মৃতিচিহ্নই জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে বর্তমান সরকার অন্যতম ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব স্মৃতিচিহ্ন জাদুঘরে প্রদর্শন করা হবে। এ সময় যে-সব স্মৃতিচিহ্ন প্রদর্শন থেকে বাদ পড়েছে, সেগুলোর একটি লিখিত তালিকা দেওয়ার জন্য সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনকে অনুরোধ জানান মন্ত্রী। তালিকা পেলে সেগুলো দ্রুত বিবেচনায় নিয়ে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

বিটিসিএলের ক্যাবল চুরি, তিন উপজেলায় টেলিফোন সেবা বন্ধ
দিনাজপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করল প্রশাসন
দেশ এখনো স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন