প্রথম সমাচার ডেস্ক:
সাতক্ষীরায় নিখোঁজ এক কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ ও দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা সদর থানায় আনুষ্ঠানিকভাবে বাবা কামরুজ্জামান মিরাজের কাছে জান্নাতুল জেবা নামের ওই কিশোরীকে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর রাত ১০টার দিকে ‘তরুলতা’ ও ‘স্বদেশ’ নামের দুটি এনজিওর কর্মীরা মানসিক প্রতিবন্ধিতার শিকার ওই কিশোরীকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন। পরে তাকে থানার নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়। এ সময় শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা তাকে প্রাথমিক ও মানসিক সেবা প্রদান করেন এবং বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়।
এদিকে কিশোরীটির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়। একপর্যায়ে সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের সহযোগিতায় তার বাবার সন্ধান মেলে।
কিশোরীটির বাবা কামরুজ্জামান মিরাজ জানান, গত ১৪ নভেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেন। পরে সাতক্ষীরা সদর থানায় মেয়ের অবস্থানের খবর পেয়ে সেখানে ছুটে আসেন।
হস্তান্তরকালে উন্নয়নকর্মী প্রিয়াংকা বিশ্বাস বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় কিশোরীটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার বিকেলে এনজিও প্রতিনিধিদের উপস্থিতিতে কিশোরীটিকে তার বৈধ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেঙ্গুতে প্রাণ হারালো আরও ৫ জন
সাতক্ষীরায় হাসপাতালে অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
‘সেভেন আপ’ উদযাপনে মেতেছে ব্রাজিল