প্রথম সমাচার ডেস্ক:
লোকজন নিয়ে আইনজীবী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদকে ঘিরে ধরেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও তার সঙ্গীরা। গত ১৩ নভেম্বর রাজধানীর শান্তিনগরে এ ঘটনা ঘটে। পরে তাকে মারধর করে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঢাকা ও বগুড়ায় গত ৮ থেকে ১৪ নভেম্বরের মধ্যে এমন ছয়টি ঘটনায় অন্তত ১১ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে চারটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিগত অন্তর্বর্তী সরকারের সময়ও এমন প্রবণতা দেখা গেছে। তবে সম্প্রতি এমন ঘটনা আরও বেড়েছে। ১৩ নভেম্বরের ঘটনার ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, তিনি থানায় একজন ‘মেহমান’ নিয়ে এসেছেন।
তার অভিযোগ, ওই আইনজীবী আদালত থেকে বোমাবাজ ও বাসে আগুন দেওয়া আসামিদের জামিন করান। পুরো ঘটনা একাধিক ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়।
পরদিন ১৪ নভেম্বর আজিমপুরে নয়ন ও তার অনুসারীদের নেতৃত্বে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে রাস্তা থেকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৬ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়। ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা মিলে তাকে পুলিশে দেন। এ সময় একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককেও হেনস্তা করা হয়।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত ১০টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
শুধু রাজধানীতেই নয়, দেশের অন্যান্য স্থানেও এমন ঘটনা ঘটছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরে মারধর এবং সেটি ভিডিও করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা আরও বেড়েছে।

আ.লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল
জমির কাজ নিয়ে দিনের পর দিন ঘুরছেন মানুষ, সমাধান নেই ভূমি অফিসে
পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন গালর্স হাই স্কুলে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ