প্রথম সমাচার ডেস্ক:
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভ-ভাঙচুরের আশঙ্কা ও বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরে ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা।
পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন এলাকার ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে জেলার বিভিন্ন এলাকার ৪০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে মহানগরীর মালেকের বাড়ি ও ভোগড়া এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে।

সিসিটিভি লাগিয়েও রক্ষা হলো না মাদক মামলার আসামীর
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তির আবেদন আহ্বান