বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি: সহিংসতা মোকাবিলায় সতর্কতা বাড়াল পুলিশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠপর্যায়ে পুলিশ সতর্ক রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নজরদারিতে রাখার পাশাপাশি অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। গত দুই দিনে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এর পর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। কার্যক্রম নিষিদ্ধ দলটি বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা করছে। গত রোববার গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠি, বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও সহিংসতা করেন। মঙ্গলবার জেলার টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। রাজধানীতে তিন বাসে আগুন দেওয়াসহ আরও কয়েকটি স্থানে নাশকতা চালানো হয়।

অনলাইনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দেওয়া কর্মসূচিকে কেন্দ্র করে ভীতি ছড়াতে এসব নাশকতা চালানো হচ্ছে বলে মনে করছেন পুলিশের কর্মকর্তারা।

সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি কেন্দ্র করে অরাজকতা ঠেকাতে মাঠপর্যায়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের নির্দেশনা অনুযায়ী, সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের মধ্যে থেকে নানামুখী কঠোর অবস্থান নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জকে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে প্রাণহানি ঘটলে আওয়ামী লীগ সেটিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্য ধরে এগোনোর পাশাপাশি সহিংসতা ও জনসাধারণের চলাচলে বাধা মোকাবিলায় প্রস্তুতি রাখা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, সাম্প্রতিক নাশকতার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মাধ্যমে জেলা পুলিশ সুপারদের (এসপি) মামলার আসামিদের গ্রেপ্তার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বাইরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সাঁজোয়া যান, বডি-ওর্ন ক্যামেরা, ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের একটি জেলার এসপি বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর রাখা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

রাজশাহী রেঞ্জের একটি জেলার এসপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতা-কর্মী বিভিন্ন মামলার আসামি তাঁদের গ্রেপ্তারে সদর দপ্তরের নির্দেশনা এসেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের কাছে তথ্য রয়েছে, এসব নেতা-কর্মী সংঘবদ্ধ হয়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com