প্রথম সমাচার ডেস্ক:
পাবনার বেড়ায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ ঘটেছে। এ সময় তার বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা বেড়া থানা ঘেরাও করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় থানায় ভাঙচুর চালানোরও চেষ্টা করা হয়। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির পাশে ও ভেতরে থাকা দু-একটি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, আমরা বাইরে ছিলাম। এখানে পাড়ায় পাড়ায় মারামারি হচ্ছে, তাই ব্যস্ত আছি। থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

জুলাই বনাম আওয়ামী লীগ-ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
আওয়ামী লীগ ঠেকাতে সংসদ বর্জনের চিন্তায় ছেদ ১১ দলের
প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি : শিবির সভাপতি