প্রথম সমাচার ডেস্ক:
দেশকে আর কখনোই কারও পৈতৃক সম্পত্তি কিংবা আমিত্বের দেশ বানাতে দেবো না, এই দেশ আমাদের সবার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই দেশকে কারো আর কখনোই পৈতৃক সম্পত্তি বানাবো না। এই দেশকে আর কখনো আমিত্বের দেশ আমরা বানাতে চাই না। এই দেশ আমাদের। কেউ যেন না বলতে পারে আমি এই করেছি, আমার বাবা এই করেছে। কোনো একক বাবার মাধ্যমে আমার স্বাধীনতা আসেনি।
গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, আমাদের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আমার দেশের কথাটা আনতে হবে, আমার না। আমিত্ব বাংলাদেশে আর চলবেন না। আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর না। এবার জেগে ওঠার সময় হয়েছে।
রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্র প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে, বারবার তারাই ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না, তাদের সঙ্গে সমন্বয় করে দেশ পরিচালনা করতে হবে। দেশের মানুষকে ম্যানেজ করতে হবে, শাসন করা যাবে না। বাংলাদেশের মানুষ কখনোই অন্যায়ের সঙ্গে আপস করে না।
তিনি বলেন, বাংলাদেশের শত শত বছরের ইতিহাস পর্যালোচনা করলে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহু আন্দোলন-সংগ্রামের নজির পাওয়া যায়। বাংলাদেশ কখনো দাসত্ব বা বশ্যতা স্বীকার করেনি। কেউ যদি মনে করেন, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বীরের জাতি বাংলাদেশি কখনো মাথা নত করে না।
দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, এই দেশ আমাদের, আমরা দেশমাতৃকার পবিত্র সন্তান। দেশমাতৃকার প্রয়োজনে ১৯৭১ সালে মানুষ নিজের রক্ত বিলিয়ে দিয়ে দেশ স্বাধীন করেছে। পরবর্তী সময়ে যে উদ্দেশ্য, আশা ও প্রত্যাশা নিয়ে পূর্বপুরুষেরা দেশ স্বাধীন করেছিলেন, সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিভিন্ন সময়ে সংগ্রাম করতে হয়েছে। গণতন্ত্র বারবার হোঁচট খেলেও দেশের মানুষ থেমে থাকেনি।
তিনি বলেন, ১৯৯০ সালের আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলনেও মানুষ জীবন দিয়েছে। মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে তাঁর-আমাদের ১ হাজার ৪০০ শিশু, তরুণ-তরুণীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। আজ আবারও সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রয়োজনে পূর্বপুরুষেরা যেভাবে রক্ত দিয়েছেন এবং গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা যেভাবে রাজপথে বুলেটকে আলিঙ্গন করেছেন, ঠিক সেভাবেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রত্যেক নাগরিককে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।
হাজং সম্প্রদায়ের ভাষা সংরক্ষণ ও মন্দিরভিত্তিক শিক্ষার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, হাজং সম্প্রদায়ের নিজস্ব ভাষা থাকলেও তা আগে বইয়ে লিপিবদ্ধ ছিল না। বিষয়টি জানার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ‘মূলা হাজং’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। বইটিতে বাংলা ও হাজং ভাষা পাশাপাশি রাখা হয়েছে, যাতে হাজং ভাষা হারিয়ে না যায়।
তিনি আরও বলেন, কালের বিবর্তনে প্রজন্ম থেকে প্রজন্মে হাজং ভাষা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ভাষা সংরক্ষণের জন্য বই প্রকাশের পাশাপাশি মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ কর্মপরিকল্পনার আওতায় প্রতিটি মন্দিরে শিশুদের হাজং ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে। মায়েদের সঙ্গে মন্দিরে আসা শিশুরা যেন হাতে-কলমে নিজেদের ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, সে প্রচেষ্টা চালানো হবে।
সূত্র: মূল প্রতিবেদন

ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা: সারজিস আলম