রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শেরপুরে যাত্রীবাহী বাসের লকার থেকে ১১ কেজি ৪৬০ গ্রাম গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে এসআরবি-১৪।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি। এর আগে একই দিন সকালে সদর উপজেলার ভাতশালা এলাকায় শেরপুর-রৌমারী সড়কের হাজী ফিলিং স্টেশনের সামনে থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক জয়নাল আবেদীন (৪১) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ি এলাকার মোখছেদ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর-রৌমারী সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান এসআরবির সদস্যরা। এ সময় কুমিল্লা থেকে রৌমারীগামী ‘নুর পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রথমে জয়নাল আবেদীনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে বাসের লকারে রাখা একটি ট্রলি ব্যাগ থেকে ১১ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করে এসআরবি। পরে উদ্ধার হওয়া গাঁজাসহ আটক ব্যক্তিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, এসআরবি গাঁজাসহ একজনকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার আসামিকে আদালতে পাঠানো হবে।

জামালপুর এসআরবি-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, ওই কারবারি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ মাদক সংগ্রহ করে জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিলেন। মাদকের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com