প্রথম সমাচার ডেস্ক:
পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এতে যুদ্ধবিমানটির পাইলট অভিযান বাতিল করে মধ্যপ্রাচ্যের কাছাকাছি একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন বলে জানিয়েছে তেহরান।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, শুক্রবার রাতে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর পরিচালিত দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষাব্যবস্থা পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করে।
বিবৃতিতে বলা হয়, দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকা ব্যবস্থাগুলো বিমানটির গতিবিধি অনুসরণ করে এবং সেটিকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
ইরানের সেনাবাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটির কাছাকাছি বিস্ফোরিত হয়। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাইলট অভিযান বাতিল করতে বাধ্য হন। পরে তিনি ওই অঞ্চলের নিকটবর্তী একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান গতকাল কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক যুদ্ধবিমান নিরাপদ আছে এবং সেগুলোর হিসাব রাখা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট