রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

পঞ্চগড়ে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) ও একই গ্রামের শাহ আলমের ছেলে মো. বোরহান (১৭)।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বড়শশী বিওপির হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ৭৭৬ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং সঙ্গে থাকা মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে এসব ট্যাবলেট পাচারের চেষ্টা করছিলেন।

অভিযানে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ছাড়াও একটি পুরাতন পালসার মোটরসাইকেল, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল ও দুটি গ্রামীণ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com