রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

নিজ বাসায় সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী, ‘সাশ্রয় হবে বিদ্যুৎ’

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশবাসীকে আহ্বান জানিয়ে নিজের বাড়িতেই ৪০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ রোববার (২২ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে তার বাসায় সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ সম্পন্ন হয়।

নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানিতে আগ্রহী করার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, মন্ত্রীর এই উদ্যোগ দেখে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার মালিকরাও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হবেন।

সংশ্লিষ্টদের মতে, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে দিনের বেলায় জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে। এতে গ্রিডের ওপর চাপ হ্রাসের পাশাপাশি প্রচলিত জ্বালানির ব্যবহার কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার সুযোগ তৈরি হবে।

সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়েও ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ করা গেলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনেও অগ্রগতি সম্ভব।

এ বিষয়ে মন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাসায় ৪০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আশা করছি, এই উদ্যোগ দেখে মানুষ উৎসাহিত হয়ে নিজেদের বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপন করবেন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com