রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬২ ধরনের ফল নিয়ে উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন, শিক্ষক, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

উৎসবে রাখা ফলের মধ্যে ছিল পার্সিমন, সফেদা, কতবেল, জামরুল, আমলকী, আমড়া, আপেল, কমলা, পেয়ারা, খেজুর, নাশপাতি, বরই, রাম্বুটান, ব্লুবেরি, ক্র্যানবেরি, কিউই, আলুবোখারা ও অ্যাভোকাডোসহ বিভিন্ন দেশি-বিদেশি ফল।

অনুষ্ঠানে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সেভাবে জাগ্রত থাকতে হবে। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।’

জবি ছাত্রদলের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দায়িত্ব পালনকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি। সাধারণ শিক্ষার্থীদের জন্য তাদের আয়োজন ও কর্মস্পৃহা প্রশংসার দাবি রাখে।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যতিক্রম। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পুরান ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি উপস্থিত হওয়ায় তাঁকেও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের উদ্যোগে এ ফল উৎসবের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের অভিভাবক। তার জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী কিছু করার চিন্তা থেকেই আমাদের এ আয়োজন। ৬২ ধরনের ফল দিয়ে উৎসবের পাশাপাশি ক্রীড়াসামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চেয়েছি। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজন হোক শিক্ষার্থীকেন্দ্রিক, যেখানে দল-মত নির্বিশেষে সবাই অংশ নিতে পারবে।’

তিনি বলেন, ‘অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের জন্য মোট ৪০টি ফুটবল বিতরণ করা হয়েছে। তবে সব বিভাগের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত না থাকায় ২৫টি বিভাগের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়েছে। বাকি বিভাগগুলোর জন্য বরাদ্দ ফুটবল পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হবে।’

এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, রাশেদ, অনিক, নাহিয়ান বিন অনিক ও পরাগসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com