বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

দু’বার কালি দিয়ে বিকৃত করার পর তৃতীয়বার আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খুলনা শহরে দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দুই দফা কালি দিয়ে বিকৃত করার পর আবার আঁকা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে চিত্রশিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি আঁকার কাজ শুরু করেন। বিকাল সাড়ে ৪টার দিকে কাজ শেষ হয়।

এ নিয়ে এই দেয়ালে তৃতীয়বারের মতো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হলো। এ সময় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পী রেজাউল করিম বলেন, ‘গতকাল সোমবার সিটি করপোরেশনের প্রশাসক আমাকে প্রতিকৃতিটি আবার আঁকার জন্য বলেন। সে অনুযায়ী আজ বিকাল সাড়ে ৩টার দিকে কাজ শুরু করি। সাড়ে ৪টার দিকে আমরা কাজ শেষ করেছি।’

এর আগে গত ৫ নভেম্বর রাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি দেয় দুর্বৃত্তরা। পরদিন ৬ নভেম্বর কেসিসি নিয়োজিত শিল্পীরা সেটি আবার আঁকেন। এর ১৬ দিন পর, গত ২২ নভেম্বর ভোরে নতুন করে আঁকা গ্রাফিতিটির মুখে আবার কালি দেওয়া হয়। ওই দিনই নতুন করে গ্রাফিতি আঁকার নির্দেশ দেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তবে বৃষ্টির কারণে দেয়াল ভেজা থাকায় পরবর্তী দুই দিন কাজ শুরু করা যায়নি।

মঙ্গলবার দুপুরে নগরের পুরাতন যশোর রোডের শিববাড়ি মোড়ে গিয়ে দেখা যায়, রেলওয়ের দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতি আঁকার কাজ চলছে। কেসিসির পক্ষে কাজটি করছেন শিল্পী রেজাউল করিম রেজা। তিনি বলেন, ছবি মুছে দিয়ে একটা মানুষকে অস্বীকার করার সুযোগ নাই। যারা এটি করেছেন, না বুঝেই এসব করছেন।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তবে এখনও ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের দুটি ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বারবার এমন ঘটনা ঘটে যাওয়াকে খারাপ। নানাভাবে চেষ্টা করেও ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে পারেনি পুলিশ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com