বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

পোশাকশ্রমিকদের ৪ গ্রেডে কে কত বেতন পাবেন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। টানা ১২ ঘণ্টা বৈঠকের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ন্যূনতম বা গ্রেড ৪-এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩-এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

মজুরি বোর্ডের একাধিক সদস্য গণমাধ্যমকে জানান, শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী বলেন, সর্বনিম্ন গ্রেড চারের ক্ষেত্রে সবাই একমত হতে পারিনি বলে আমরা বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যান হিসেবে গোপন ভোটের ব্যবস্থা করেছি। সর্বসম্মতি ক্রমে তিনটি গ্রেডের মধ্যে গ্রেড ১-এর নিম্নতম মজুরি নির্ধারণ করেছি ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড ২-এ সর্বসম্মতিতে ২০ হাজার টাকা, গ্রেড ৩-এ নির্ধারণ করেছি ১৯ হাজার ২০০ টাকা। সর্বনিম্ন গ্রেড গ্রেড ৪-এ সর্বসম্মতিতে আসতে না পারায় গোপন ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। বোর্ডের চারটি ভোট পরে ১৭ হাজার টাকার পক্ষে। সেই হিসাবে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১২৯ ধারা ১ অনুসারে উপস্থিত বোর্ড সদস্যদের উপস্থিতিতে গ্রেড ৪-এর নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আলোচনায় আমি কখনো মালিকপক্ষ আবার কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদা করে কথা বলেছি। এমনও হয়েছে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যেও আলাদা কথা বলার সুযোগ করে দিয়েছি।

আগের দিনের সভার মতো গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাঁদের কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা মজুরি দাবি করে স্লোগান দেন।

এদিকে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, মজুরি বোর্ডের সব পক্ষের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারিত হবে; যার মাধ্যমে শ্রমিকের জীবনযাত্রার ন্যূনতম চাহিদার পাশাপাশি শিল্পের সক্ষমতাও রক্ষা হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com