প্রথম সমাচার ডেস্ক:
প্রকৃতির আপন খেয়ালে দেশের খাল-বিলে ফোটে পদ্মফুল। সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত এই ফুলের ডাঁটায় লুকিয়ে আছে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দুয়ার। পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে মসলিনের মতো মিহি ও মূল্যবান সুতা, যা বিশ্ববাজারে পরিচিত ‘লোটাস সিল্ক’ নামে। এই সুতায় তৈরি একটি শাড়ির দাম ১০ লাখ টাকারও বেশি। একটি জামা বিক্রি হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকায়। অথচ দেশের জলাশয়ে প্রাকৃতিকভাবে জন্মানো এই পদ্মফুলের বাণিজ্যিক সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে প্রায় ৬০০ একর এলাকাজুড়ে বিস্তৃত চাপাই বিল, যা স্থানীয়ভাবে হড়াই বিল নামেও পরিচিত। প্রতিবছর বর্ষা মৌসুমে এই বিলে দিগন্তজুড়ে ফোটে পদ্মফুল। দূর থেকে দেখলে মনে হয়, বিস্তীর্ণ জলরাশি যেন গোলাপি পদ্মের চাদরে ঢাকা। এত দিন স্থানীয়দের কাছে এই বিলের পরিচিতি ছিল মূলত মাছ ধরা, ধান,পাট ও পেঁয়াজ চাষের জলাভূমি হিসেবে। পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করলেও এর ডাঁটা থেকে যে আন্তর্জাতিক বাজারে মূল্যবান সুতা তৈরি সম্ভব, তা অনেকেরই অজানা ছিল। পদ্মফুলের ডাঁটা বা নাল থেকে বিশেষ প্রক্রিয়ায় বের করা হয় সূক্ষ্ম তন্তু। ডাঁটা ভেঙে দুই অংশ আলাদা করলে ভেতর থেকে বেরিয়ে আসে আঠালো কষের মতো তন্তু। দক্ষ কারিগরেরা সেগুলো হাতে হাতে টেনে ও পাকিয়ে তৈরি করেন মিহি সুতা। এভাবেই তৈরি হয় বিশ্বজুড়ে সমাদৃত লোটাস সিল্ক। প্রাকৃতিক উপায়ে তৈরি এই সুতা দিয়ে বোনা হয় শাড়ি, পোশাক ও বিভিন্ন ধরনের বিলাসবহুল কাপড়। জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি লোটাস সিল্কের সুতার দাম প্রায় ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক ২ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ২০ হাজার টাকা। প্রতি গজ কাপড়ের দাম ২৫ থেকে ১ হাজার ডলার পর্যন্ত হতে পারে। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ির দাম ১০ লাখ টাকার বেশি এবং একটি জামার দাম প্রায় পাঁচ লাখ টাকা। ইউরোপের বিভিন্ন দেশের বিলাসবহুল পোশাকের বাজারেও রয়েছে এ কাপড়ের চাহিদা। ২০২২ সালে দেশে পদ্মফুলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদ্ম গবেষক অধ্যাপক শিকদার আবুল কালাম সামসুদ্দীন। তাঁর উদ্যোগে ফরিদপুরের চাপাই বিলের পাড়ে স্থানীয় নারীদের প্রশিক্ষণ দিয়ে লোটাস সিল্ক তৈরির কাজ শেখানো হয়। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও বাণিজ্যিক উদ্যোগের অভাবে সেই সম্ভাবনাময় কার্যক্রম আর বিস্তৃত হয়নি। সংশ্লিষ্ট রাজবংশী পরিবারটিও এখন আর্থিক সংকটে রয়েছে। অন্যদিকে, পদ্মফুলের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগও নেই বললেই চলে। সম্প্রতি বিষয়টি জানার পর ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ চাপাই বিল পরিদর্শন করেন। এ সময় তিনি পদ্মের ডাঁটা থেকে হাতে সুতা তৈরির প্রক্রিয়া দেখে আগ্রহ প্রকাশ করেন। তাঁর মতে, স্থানীয়ভাবে উৎপাদিত সম্পদ ও সম্ভাবনাময় শিল্পকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার সুযোগ রয়েছে। পদ্মফুলকে কেন্দ্র করে ফরিদপুরেরও একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করা সম্ভব। মাই টিভি ফরিদপুর জেলা প্রতিনিধি শফিকুল খান জনি ও স্টার টিভি নিউজের প্রতিনিধি আরিফুজ্জামান হিমন বলেন, পদ্ম ফুলের নিউজ করার জন্য ঐ এলাকায় গিয়ে ছিলাম, সত্যিই দেখার মতো দৃশ্য, রয়েছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে লোটাস সিল্ক হতে পারে দেশের নতুন সম্ভাবনাময় শিল্প। এতে একদিকে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে রপ্তানি আয়ের নতুন ক্ষেত্রও তৈরি হতে পারে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলের খাল-বিল ও জলাশয়ে প্রাকৃতিকভাবে জন্মানো পদ্মফুলকে কাজে লাগানো গেলে কাঁচামালের জন্য বাড়তি জমি বা বড় ধরনের কৃষি বিনিয়োগের প্রয়োজন হবে না। শুধু অর্থনৈতিক সম্ভাবনাই নয়, জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও পদ্মের গুরুত্ব রয়েছে। তাই পদ্মফুলের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণও জরুরি। একসময় বিশ্বজুড়ে খ্যাতি ছিল বাংলার মসলিনের। সেই হারানো ঐতিহ্যের কথা মনে করিয়ে দিচ্ছে পদ্মের ডাঁটা থেকে তৈরি লোটাস সিল্ক। প্রয়োজনীয় উদ্যোগ ও পরিকল্পনা থাকলে প্রকৃতির এই উপহারই হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন রপ্তানি পণ্য, গ্রামীণ কর্মসংস্থানের উৎস এবং অর্থনীতির সম্ভাবনাময় এক অধ্যায়।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন