বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

কাগজে চালু থাকলেও বাস্তবে চলে না টুঙ্গিপাড়া থানার কার্যক্রম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার দুই তলা বিশিষ্ট ভবন, পুলিশের গাড়ি ও পোশাকসহ যাবতীয় সবকিছু পুড়ে যায়। তারপর থেকে কাগজ, কলমে চালু থাকলেও বাস্তবে চলে না থানাটির কার্যক্রম। থানাটি যেন ধ্বংসস্তুপে পরিনত হয়েছে।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নিতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের করে। এরপর থেকেই বন্ধ রয়েছে থানার কার্যক্রম। থানার সরকারি মোবাইল নম্বরগুলোও বন্ধ। আর সাধারণ মানুষ থানায় কোন অভিযোগ নিয়ে আসছে কিনা তাও জানেনা পুলিশ সদস্যরা।

টুঙ্গিপাড়া থানা সুত্রে জানা যায়, থানার দৈনন্দিনের কার্যক্রম পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়। তারই অংশ হিসেবে কাগজে কলমে গত তিনদিন ধরে থানার ডিউটি অফিসারের দ্বায়িত্ব পালন করছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। সোমবার সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দ্বায়িত্ব পালন করছেন উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান। তারপর থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্ব পালন করছেন উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

কিন্তু সরজমিনে দেখা যায় তার সম্পূর্ন বিপরীত। টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন থানার আশেপাশে সাধারন পোশাকেই ঘোরাফেরা করছেন। তখন তাদের সাথে কথা বলে জানা যায়, শুধু কাগজে কলমেই তারা ডিউটি অফিসার ও টহল পুলিশের দ্বায়িত্ব পালন করছেন। কিন্তু বাস্তবে শুয়ে বসে থাকা আর মন চাইলে একটু হাটাহাটি করা ছাড়া কোন কাজ নেই। কারন আগুনে দুই তলা ভবন, গাড়িসহ পুলিশের পোশাকও পুড়ে গেছে। তাই তারা কোথায় বসে ডিউটি অফিসারের দ্বায়িত্ব পালন করবেন! আর গাড়ি ও পুলিশের পোশাক ছাড়া কিভাবে তারা টহল পুলিশের কাজ করবেন। সাধারন জনগন কেউ অভিযোগ নিয়ে আসে কিনা তাও জানেনা তারা।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) পলাশ আহমেদ বলেন, বর্তমানে ২ জন পরিদর্শক, ৪ জন এসআই, ৪ জন এএসআই ও ১০ জন কনস্টেবল রয়েছে থানায়। তাদের দিয়েই থানার ভেতরের কিছু কার্যক্রম কোন রকমে চালিয়ে নেওয়া হচ্ছে। আগুনে সব ভস্মীভূত হয়েছে, প্রয়োজনীয় কোন সরঞ্জাম নেই। থানার কার্যক্রম চালু করতে ইতিমধ্যে আসবাবপত্র সহ প্রয়োজনীয় মালামাল চেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। প্রয়োজনীয় সামগ্রী পেলেই থানার কাজ শুরু করতে পারবো।

স্থানীয় সুত্রে জানা যায়, ১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে থানায় হামলা করে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার দুই তলা ভবন, আসবাবপত্র, গুরুত্বপূর্ন নথি, পোশাক, ৯টি গাড়ি ও পুলিশ সদস্যদের ১৫ মোটর সাইকেল পুড়ে যায়। তখন হামলাকারীদের বাধার কারণে ফায়ার সার্ভিস আগুন নেভাতে যেতে পারেননি। একারণে আগুনে থানার সব পুড়ে ছারখার হয়ে গেছে। তারপর থেকে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার প্রবেশের প্রধান ফটক বন্ধ। পরে পুলিশ মেসের পাশের ছোট গেট দিয়ে থানায় প্রবেশ করতেই দেখা যায় ভারপ্রাপ্ত কর্মকর্তার ভবন। সেখানে শুধু জানালার গ্লাসগুলো ভাঙ্গা হয়েছে। ওসির ভবন পাড় হতেই দেখা গেল গাড়ি ও মোটর সাইকেলগুলোতে যেখানে আগুন দেওয়া হয়েছিল সেখানেই পড়ে রয়েছে। এরমধ্যে রয়েছে ১টি প্রিজন ভ্যান, ৪ টি পুলিশ ভ্যান, ১টি পেট্রোল গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপারের ১টি গাড়ি ও ২টি টহল গাড়ি ও ১৫টি মোটর সাইকেল। যা পুড়ে গিয়ে সম্পূর্ন অকেজো হয়ে গিয়েছে। দুই তলা থানা ভবনের তিন পরিদর্শক, ডিউটি অফিসার, এসআই-এএসআইদের কক্ষ, গারদখানা, অস্ত্রাগার, সার্ভার ও কন্ট্রোল রুম সহ আসবাবপত্র, গুরুত্বপূর্ন নথি, কম্পিউটার, এসি, ফ্যান, পুলিশের পোশাক ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখনো থানা ভবন থেকে বের হচ্ছে পোড়া গন্ধ। এককথায় পুরো থানা ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাত্বক চিহ্ন।

জানা যায়, টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পূণরায় হামলার আতঙ্কে অতিরিক্ত পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্রসহ সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান-ইজিবাইকে করে চলে গেছেন থানা ছেড়ে চলে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টুঙ্গিপাড়া থানার একজন উপপরিদর্শক (এসআই) জানান, গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেয়। পরে গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর থেকে টুঙ্গিপাড়ায় আসে ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) অফিসার ফোর্সের ২০০ জন পুলিশ। তারা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। থানায় আগুন দেয়ার পর তারা তাদের স্থানে চলে গেছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com