বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে হালিশহর থানাধীন বিডিআর মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে হালিশহর বিডিআর মাঠে ‘মরহুম আবদুল্লাহ আল নোমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা শুরু হয়। লোকমান স্মৃতি সংসদ ও ডালিয়া নাজনীন নাছির স্মৃতি সংসদের মধ্যকার এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ১০ মিনিট বিরতির পর দ্বিতীয়ার্দ্ধের খেলা শুরু হলে লোকমান স্মৃতি সংসদ ১ গোলে এগিয়ে যায়। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত হন সংসদ সদস্য সাঈদ আল নোমান। এর কিছুক্ষণ পর মাঠে একটি ফাউলের সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল এশিয়া পোস্টকে জানান, সমর্থকেরা দলে দলে মাঠের ভেতরে ঢুকে পড়লে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আয়োজকেরা খেলা স্থগিত ঘোষণা করেন। এতে উত্তেজনা আরও বেড়ে গেলে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া এবং বাঁশ ও ইটের টুকরা নিয়ে পরস্পরকে আক্রমণ করে। পুলিশ ও নেতাকর্মীরা দ্রুত এমপি সাঈদ আল নোমানকে মাঠ থেকে সরিয়ে গাড়িতে তুলে দেন। তিনি চালকের পাশের আসনে বসার পর মাঠ থেকে ছোড়া বাঁশ ও ইটের টুকরা এসে পড়লে গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

ঘটনার সময় সংসদ সদস্যের সঙ্গে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু এশিয়া পোস্টকে বলেন, অল্পের জন্য এমপি মহোদয় রক্ষা পেয়েছেন। তিনি গাড়ির ভেতরে না থাকলে ইটের টুকরার আঘাতে গুরুতর আহত হতেন। হঠাৎ খেলার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, এমপি সাহেবের নেতৃত্বে আমরা এরই মধ্যে বেশ কয়েকটি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচি পালন করেছি। মঙ্গলবার বিশাল গণমিছিল হয়েছে। এ কারণে নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার ওপর আক্রমণ করতে পারে বলে আমাদের ধারণা।

সংসদ সদস্যের সমর্থকেরা এটিকে রাজনৈতিক নাশকতা হিসেবে সন্দেহ করলেও হালিশহর থানা-পুলিশের তৈরি করা একটি অভ্যন্তরীণ প্রতিবেদন এশিয়া পোস্টের হাতে এসেছে।

হালিশহর থানার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে এমপি সাঈদ আল নোমান ঘটনাস্থল ত্যাগ করতে উদ্যত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানতে পারে, ওই সময় ১০-১২ বছর বয়সি

অজ্ঞাতনামা এক কিশোর তার হাতে থাকা বাঁশের কাঠি নিক্ষেপ করলে তা এমপির গাড়িতে গিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা ওই কিশোরকে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই অজ্ঞাতনামা কিশোরকে শনাক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তবে এশিয়া পোস্টকে ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনাটি পরিকল্পিত নাশকতা কি না, তাও আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com